কর্ণফুলী নদীর পার থাকা ২ হাজারের বেশি অবৈধ স্থাপনা সরানোসহ নদী রক্ষায় ৭ দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এটিসহ কয়েক দফা নির্দেশনা দিয়েছে।
এসব স্থাপনা সরাতে ৯০ দিন সময় দিয়ে রায় পাওয়ার ৭ দিনের মধ্যে স্থানীয় পত্রিকায় নোটিশ দিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান ও চট্টগ্রামের জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
কর্ণফুলী নদী রক্ষায় নির্দেশনা চেয়ে ২০১০ সালে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশ-বিষয়ক সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরেরই ১৮ জুলাই হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়া হয়। নির্দেশনায় আদালত জরিপ করে নদীর তীরে থাকা অবৈধ স্থাপনার তালিকা দাখিল করতে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়। এই নির্দেশনা অনুসারে গত বছরের ৯ জুন জেলা প্রশাসক হাইকোর্টে প্রতিবেদন দেন।