রাজধানীর দক্ষিণখান মৌজায় অবস্থিত আশিয়ান সিটি আবাসন প্রকল্পের কার্যক্রম স্থগিত করেছে আপিল বিভাগ।
সোমবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের রিভিউ রায় স্থগিত করেছে।
এছাড়া প্রকল্পটি অবৈধ ঘোষণা বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালত।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, প্রকল্পের জমি হস্তান্তর, উন্নয়ন, বিজ্ঞাপন প্রচার, ডিক্রিসহ সব ধরনের কার্যক্রমের ওপর আদালত নিষেধাজ্ঞা দিয়েছে। ফলে আশিয়ান সিটি কর্তৃপক্ষ প্রকল্পটির কোনো ধরনের কার্যক্রম চালাতে পারবে না।
গত ১৬ জানুয়ারি হাইকোর্ট আশিয়ান সিটির ওই প্রকল্প অবৈধ ঘোষণা করেছিল।
তবে চলতি মাসের ১৬ আগস্ট আশিয়ান সিটি রিভিউ আবেদন গ্রহণ করে অবৈধ ঘোষণার রায় স্থগিত করে হাইকোর্ট।
এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ রিটকারীরা পৃথক পৃথকভাবে দুইটি আবেদন নিয়ে আপিল বিভাগে যায়।
রিট করী সংগঠনগুলোর অন্যতম বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আইনজীবী মিনহাজুল হক চৌধুরী বলেন, হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়েছে।
লিভ টু আপিল দায়ের না করা পর্যন্ত হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে আপিল বিভাগ—এ কথা জানিয়ে তিনি বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর নিয়মিত লিভ টু আপিল করা হবে।
আদালতে বেলার পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামালতার সঙ্গে ছিলেন এম আমিনউদ্দিন ও মিনহাজুল হক চৌধুরী। আর আশিয়ান সিটির পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত ২০১৪ সালের ১৬ জানুয়ারি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে আশিয়ান সিটি কর্তৃপক্ষ।
চলতি বছরের ১৬ আগস্ট হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ প্রকল্প অবৈধ ঘোষণার রায় বাতিল করে এরপর ওই প্রকল্পের কার্যক্রমে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। প্রকল্পের কার্যক্রমে স্থগিতাদেশ চেয়ে আরেকটি আবেদন করে রিট আবেদনকারী পক্ষ।
আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।