নরসিংদীর পলাশ উপজেলায় এক কারখানা শ্রমিককে গণধর্ষণ ও তার ভিডিও ধারণের দায়ে ৬ আসামির মৃত্যুদণ্ডের দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ আদেশ দেন।
এছাড়া মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেককে তাদের উপস্থিতিতে এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি এম.এন অলি উল্লাহ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীম আহাম্মদ এ আদেশ দেন পাশাপাশি এক লাখ টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- পলাশ উপজেলার বাগপাড়া গ্রামের মো. কুদ্দুছ আলীর ছেলে আশিকুর রহমান (৩৫), তাজুল ইসলামের ছেলে ইলিয়াছ (২১) সিরাজ শেখের ছেলে রুমিন (২০) হানিফার ছেলে রবিন (২০), মন্টু মিয়ার ছেলে ইব্রাহিম (২২) ও আব্দুস ছালামের ছেলে আ. রহমান।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ মে পলাশ উপজেলার বাগপাড়া এলাকায় অবস্থিত প্রাণ আরএফএল কোম্পানির এক নারী শ্রমিক কারখানায় ডিউটি শেষে কারখানার মেসে ফিরছিলেন।
এসময় জনতা জুটমিলের সামনের সড়কে পৌঁছলে আসামিরা ওই নারী শ্রমিককে জোরপূর্বক ধরে নির্জন স্থানে নিয়ে যায়। পরে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় এক আসামি তার মোবাইলে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে।
পরে হুমকি দিয়ে ওই নারী শ্রমিককে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায় প্রাণ আরএফএল কোম্পানির এক কর্মকর্তা বাদি হয়ে ৬ জনকে আসামি করে পলাশ থানায় একটি মামলা করেন।
আদালত ১২ স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সকল আসামির উপস্থিতিতে মঙ্গলবার ৬ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন।