মানবতাবিরোধী অপরাধে আলবদর কমান্ডার মীর কাসেম আলীর ফাঁসির রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে— প্রাণভিক্ষা না চাইলে যেকোনো সময় ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মাহবুবে আলম বলেন, যুদ্ধাপরাধী মীর কাসেম আলী সর্বোচ্চ সাজা পাবেন বলে সমগ্র জাতির যে আশা ছিল— এ রায়ে তা পূরণ হয়েছে।
এখন রায় বাস্তবায়ন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হবে— উল্লেখ করে তিনি বলেন, সাজাপ্রাপ্ত মীর কাসেম আলী প্রাণভিক্ষা না চাইলে সরকার যে কোনো সময় দণ্ড কার্যকর করতে পারবে।
প্রসিকিউশন ঠিকমতো মামলা পরিচালনা করলে ১২ নম্বর অভিযোগেও সাজা নিশ্চিত করা যেতো বলেও জানান অ্যাটর্নি জেনারেল।
প্রসঙ্গত, ট্রাইব্যুনাল মীর কাসমেরে বিরুদ্ধে আনা ১১ ও ১২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিলে ১১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে।
পরে ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।