প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে করা মামলায় বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান জামিন পেয়েছেন।
বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে পর্যবেক্ষণসহ এ আদেশ দিয়েছে।
এর আগে হাইকোর্ট তার জামিন আবেদন নাকচ করে।
তিন মাস বা মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত এ জামিন মঞ্জুর করেছে দেশের সর্বোচ্চ আদালত।
শফিক রেহমানের আইনজীবীরা জানান, এতে তার মুক্তিতে আর বাধা নেই।
উল্লেখ, গত ১৬ এপ্রিল সকাল ৮টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) শফিক রেহমানকে আটক করে নিয়ে যায়।
জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। ওই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ডে নেয়া হয় তাকে।