গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি আহসান উলাহ মাস্টার হত্যা মামলার ৬ আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
দুই বিচারপতির স্বাক্ষরের পরই রায়টি বুধবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রকাশিত রায়টি ১৮২ পৃষ্ঠার।
বিচারপতি মোহম্মদ বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ গত ১৫ জুন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে হাইকোর্ট।
রায় ঘোষণার আড়াই মাস পর এ রায়প্রকাশ করা হল। এখন এ রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।
মূল রায়টি লিখেছেন বিচারপতি কৃষ্ণা দেবনাথ এবং অপরদিকে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক ওবায়দুল হাসান এ হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক যে দ্বন্দ্ব রয়েছে সে বিষয়টি নিয়ে রায়ে তিনি নিজস্ব অভিমত তুলে ধরেছেন।
উল্লেখ্য, তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের সময় ২০০৪ সালের ৭ মে নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারকে।
ঘটনার পরদিন তার ভাই মতিউর রহমান বাদি হয়ে টঙ্গী থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের ১০ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে এ হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২২ জনকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
ওই রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল করেন। মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। পরে ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে হাইকোর্ট রায় ঘোষণা করে।