হবিগঞ্জের আলোচিত চার শিশু হত্যা মামলায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ২৬ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।
বুধবার দুপুরে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ এ আদেশ দেন।
এ সময় আদালতে পাঁচ আসামি উপস্থিত ছিল। অন্য ৩ আসামি পলাতক। তারা হচ্ছে—উস্তার মিয়া, বেলাল মিয়া এবং বাবুল মিয়া।
এদিকে, আসামি আরজু মিয়ার জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু নিখোঁজ হয়। পাঁচ দিন পর বাড়ির অদূরের বালুমহাল থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ মামলায় গত ৪ এপ্রিল তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তাদের মধ্যে বাচ্চু মিয়া নামের একজন র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।