রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০ দলের ৭৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখের আদালত এ অভিযোগ গঠন করা হয়।
আসামিপক্ষে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বোরহান উদ্দিন, জয়নুল আবেদিন মেজবাহ প্রমুখ শুনানি করেন।
এ অভিযোগ গঠনের ফলে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো আগামী ৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।
শুনানির সময় মির্জা ফখরুলসহ অর্ধ শতাধিক আসামি আদালতে উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
উল্লেখ, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালে পল্টনের ভিআইপি রোডে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলাটি দায়ের করা হয়। ২০১৪ সালের ২৮ জুলাই পল্টন থানার এসআই আবু জাফর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।