কল্যাণপুরের আস্তানায় অভিযানে গ্রেপ্তার সন্দেহভাজন রাকিবুল হাসান রিগানকে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৬ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ।
রাকিবুলকে আজ ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
আবেদনে বলা হয়, গুলশান হামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর এবং ঘটনার রহস্য উদ্ধারে রিমাণ্ডে নেয়া আবেদন জানানো হয়।
এর আগে রিগানকে হাজারীবাগ থানার আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। এছাড়াও কল্যাণপুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
১৯ সেপ্টেম্বরের মধ্যে আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার কথা রয়েছে। ২৫ জুলাই মধ্যরাতে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালিয় পুলিশ, এতে নয় জন নিহত হয়। আর গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার হন রিগান।