রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেব আটক তাহমিদ হাসিব খান জামিন পেয়েছে।
রোববার ঢাকার মহানগর হাকিম লস্কার সোহেল রানা এ জামিন মঞ্জুর করেছেন।
ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খান জামিন পেয়েছে– এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মো. আনিসুর রহমান।
আদালত সূত্রে জানা গেছে, হলি আর্টিজানে হামলার ঘটনায় তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য–প্রমাণ না পাওয়ায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন।
আগামী ৫ অক্টোবর ওই প্রতিবেদনের বিষয়ে শুনানির জন্য দিন ঠিক করেছে আদালত।
আদালতে তাহমিদের পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী হামিদুর রহমান।
উল্লেখ , গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়। গত ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে সেটা জানানো হয়। এ মামলায় দুজনকে আট দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে পুলিশ হাসনাতকে হামলার ঘটনায় হওয়া মূল মামলায় গ্রেপ্তার দেখায়। আর তাহমিদকে ৫৪ ধারার মামলায় পুনরায় রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ আগস্ট তাকে কারাগারে পাঠায় আদালত।
প্রসঙ্গত: গত ১ জুলাই –শুক্রবার রাতে রাজধানীর গুলশানে স্প্যানিস রেস্তোরাঁ হলি আর্টিজানে একদল সন্ত্রাসী হামলা চালায়। রাতেই দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে তারা। পরে ৩ বাংলাদেশিসহ ২০ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। শনিবার ভোরে যৌথবাহিনীর কমান্ডো অভিযান থান্ডারবোল্টের মাধ্যমে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।