রাজশাহীতে গৃহবধূ শারমিন আক্তার লিপি হত্যা মামলায় স্বামী রফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক কে এম শহীদ আহমদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
রফিকুল ইসলাম (২৮) বাগমারা উপজেলার ভবানীগঞ্জ হিন্দুপাড়ার মোহাম্মদ আলী মেকারের ছেলে।
পিপি ইসমত আরা বলেন, ২০০৭ সালের ৭ আগস্ট রফিকুল ইসলামের ভবানীগঞ্জ হিন্দুপাড়ার বাড়িতে তার স্ত্রী শারমিনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। ঘটনার পর শারমিনের বাবা একই উপজেলার হামির কুৎসা গ্রামের লুৎফর রহমান পাঁচ জনের নামে বাগমারা থানায় মামলা করেন। যৌতুক চেয়ে না পেয়ে তাকে হত্যা করা হয় বলে তার অভিযোগ।
তিনি বলেন, তদন্ত শেষে পুলিশ পাঁচ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন ।
তিনি আরো বলেন, নয় বছরের বেশি সময় ধরে বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক কে এম শহীদ আহমদ রফিকুলকে মৃত্যুদণ্ড দেন। অন্য চারজনকে খালাস দেয়া হয়েছে।