সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টা মামলায় তার কথিত প্রেমিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে তাকে অতিরিক্ত মহানগর হাকিম শারাবান তহুরার আদালতে তোলা হয়।
মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সাংবাদিকদের বলেন, আহত খাদিজার চাচার দায়ের করা মামলার আসামি বদরুল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজার ওপর হামলার ঘটনায় সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দেবে বলে জানান তিনি।
এর আগে দুপুরে হাসপাতাল থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় শাহপরান থানা পুলিশ। পরে কড়া নিরাপত্তায় পুলিশ ভ্যানে করে আদালতে হাজির করা হয় তাকে।
উল্লেখ্য, গত সোমবার এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম এমসি কলেজের পুকুর পাড়ে নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। অপারেশনের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পরপরই অন্যান্য শিক্ষার্থীরা বদরুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃত বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ সেশনের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী এবং শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক। মঙ্গলবার সন্ধ্যায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে শাবি প্রশাসন।