হবিগঞ্জে কৃষক মোক্তাদির হত্যার দায়ে ৫ জনের ফাঁসি ও ২৭ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ রায় দেন।
এসময় আসামিদের ১৫ জন আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন: আনিছ মিয়া, ফরাশ মিয়া, জমশেদ মিয়া, বজলু মিয়া ও নুর ইসলাম। এদের মধ্যে তিন জনই পলাতক।
এছাড়া, এ মামলায় বেকসুর খালাস পেয়েছেন ৩ জন।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০০০ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে নবীগঞ্জ উপজেলার বোয়ালজুড় গ্রামের কৃষক মোক্তাদিরের সঙ্গে ধানক্ষেতে গরু ঢুকে পড়া নিয়ে আনিছ মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আনিছ মিয়া তার লোকজন নিয়ে মোক্তাদিরকে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় ভাই মোশাহিদ মিয়া বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরের বছর ২০০২ সালের ১১ জুলাই ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।