বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন আগামী ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে চেম্বার বিচারপতি।
মঙ্গলবার সিটিসেলের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ দিন ঠিক করেছে।
গতকাল সোমবার তরঙ্গ বরাদ্দ বাতিল করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সিদ্ধান্ত স্থগিত চেয়ে আবেদন করে সিটিসেল।
দুপুরে আবেদনের ওপর শুনানি শেষে চেম্বার বিচারপতি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য তা পাঠিয়ে দিয়েছে।
আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন আইনজীবী শফিক আহমেদ, এ এম আমিন উদ্দিন ও মাহবুব শফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বিটিআরসির পক্ষে ছিলেন শেখ ফজলে নূর তাপস ও খন্দকার রেজা-ই রাকিব।
বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই রাকিব বলেন, সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল করে বিটিআরসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেননি চেম্বার বিচারপতি। তাদের আবেদনটি ৩১ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। সে পর্যন্ত বিটিআরসির সিদ্ধান্ত বহাল থাকছে। অর্থাৎ, এই সময় পর্যন্ত সিটিসেল কোনো কার্যক্রম চালাতে পারবে না। ৩১ অক্টোবর পর্যন্ত সিটিসেল বন্ধই থাকছে।
বিটিআরসি সূত্র জানায়, ৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় গত বৃহস্পতিবার সিটিসেলের তরঙ্গ বরাদ্দ বাতিল ও কার্যক্রম বন্ধ করে দেয় বিটিআরসি।