একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাংসদ এমএ হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অভিযোগ আমলে নেয়ার বিষয়ে আগামী ১১ ডিসেম্বর আদেশের দিন ঠিক করা হয়েছে। সোমবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
সাংসদ এমএ হান্নান ও তার ছেলেসহ এ মামলার ৫ আসামি কারাগারে রয়েছেন। পলাতক ৩ আসামি হচ্ছেন: ফখরুজ্জামান, আব্দুস সাত্তার ও খন্দকার গোলাম রব্বানী।
এদিকে, সংবিধান অনুয়ায়ী ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকায় সদস্যপদ বাতিলের বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তুরিন আফরোজ।
গত ১১ জুলাই হান্নানসহ ৮ জনের বিরুদ্ধে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে তদন্ত সংস্থা। মুক্তিযুদ্ধ চলাকালে ২১ এপ্রিল থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ত্রিশালে তারা অপরাধগুলো সংগঠিত করেন বলে অভিযোগে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১ অক্টোবর এ মামলার আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। ওইদিনই হান্নান ও তার ছেলে রফিক সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।