জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের ওপর আগামী ২৪ নভেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার বকশিবাজারে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালত এ দিন ধার্য করেন।
একইসঙ্গে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
এর আগে মামলায় হাজিরা দিতে সকাল পৌনে ১১টার দিকে গুলশানের বাসা থেকে বিশেষ আদালতে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
আদালতে খালেদা জিয়ার পক্ষে সানাউল্লাহ মিয়াসহ বেশ কয়েকজন আইনজীবী শুনানি করেন।
এদিকে, খালেদা জিয়ার আগমন ঘিরে দলটির নেতাকর্মীরা আদালত এলাকায় জড়ো হয়। আদালত ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
অন্য তিন আসামি হলেন: জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী।
উল্লেখ্য, ২০০৮ সালে এতিমের টাকা আত্মসাতের অভিযোগ এনে দায়ের করা হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা। এ দুটি মামলাই বর্তমানে ওই বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে।