মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর পাঁচ 'রাজাকারের' বিরুদ্ধে দুই ধরনের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ঠিক করেছে।
প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম ও রেজিয়া সুলতানা চমন।
এর আগে গত অক্টোবরে এ পাঁচজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
গতবছরের ৬ সেপ্টেম্বর পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তারা হলেন: ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের এছহাক শিকদার, বল্লভপুর গ্রামের সোলায়মান মৃধা, গলাচিপা গ্রামের আবদুস সাত্তার পেদা, আবদুল গনি হাওলাদার ও মো. আউয়াল ওরফে মৌলভি আবদুল আউয়াল।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাটসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তাদের বিরুদ্ধে ১৫ নারীকে ধর্ষণ ও ১৭ জনকে নির্যাতনের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে, যাদের মধ্যে আট নারী এখনো বেঁচে আছেন। এছাড়া তাদের বিরুদ্ধে ওই সময় ৪মে স্থানীয় ১৫টি বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।