গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় করা হত্যা মামলায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ ৬ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমপর্ণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছে।
গতকাল (মঙ্গলবার) আদেশের জন্য দিন এ দিন ঠিক করে হাইকোর্ট। ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। আসামিদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আতাউল গনি।
এর আগে ট্যাম্পাকোর মালিক বিএনপিদলীয় প্রাক্তন সংসদ সদস্য মকবুল হোসেনসহ ৬ জন আত্মসমর্পণ করে আগাম জামিন চান। আগাম জামিনের ওপর আংশিক শুনানি হয়।
ওই ৬ জন হলেন: টাম্পাকোর চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন ও ব্যবস্থাপক আবু হানিফ।
উল্লেখ, গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে ২টি মামলা করা হয়।