নাইকো দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে নিম্ন আদালতে মামলাটির কার্যক্রম চলতে আর বাধা রইলো না।
বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারকের আপিল বেঞ্চ খালেদা জিয়ার ওই আবেদন খারিজ করে দেয়।
এ ব্যাপারে রিভিউ আবেদন করা হবে কি-না?—তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন খালেদার আইনজীবীরা।
এর আগে নাইকো দুর্নীতি মামলা বাতিল চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করলে তা খারিজ করে দেয় উচ্চ আদালত। মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির অপেক্ষায় রয়েছে।
প্রসঙ্গত, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর খালেদাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০০৮ সালের ৫ মে ওই মামলায় খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।