নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে।
রাষ্ট্রদ্রোহ ও উসকানির দুই মামলায় মান্নাকে পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত জামিন দিয়েছে সর্বাচ্চ আদালত।
আদালত সূত্রে জানা গেছে, মান্নার পাসপোর্ট যদি এর আগে জমা দেয়া না থাকে তাহলে এ জামিনের জন্য তাকে তা জমা দিতে হবে।
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন শাহদীন মালিক ও ইদ্রিসুর রহমান আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গত বছর ২৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এবং অন্য এক ব্যক্তির সঙ্গে মান্নার টেলিআলাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর রাজধানীর গুলশান থানায় সেনা বিদ্রোহে উসকানির মামলাটি দায়ের করা হয়। পরদিন মান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।
বৈধ সরকারকে অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার অংশ হিসাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যাচেষ্টার মদদ দেয়ার অভিযোগ আনা হয় মামলার তার বিরুদ্ধে।
ওইবছর ৫ মার্চ একই থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। এ মামলাতেও মান্নাকে গ্রেপ্তার দেখানো হয়।
নিম্ন আদালতে মান্নার জামিন আবেদন নাকচ হলে তিনি হাইকোর্টে আবেদন করেন।
চলতি বছরে ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের মামলায় মান্নাকে হাইকোর্ট জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ তা স্থগিত করে। ৩০ অক্টোবর পর্যন্ত জামিন স্থগিত করে ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল (আপিলের আবেদন) করতে বলা হয় রাষ্ট্রপক্ষকে।
এদিকে, গত ১০ নভেম্বর সেনা বিদ্রোহে উসকানির মামলায় রুল নিষ্পত্তি করে হাইকোর্ট মান্নার জামিনের আদেশ দেয়। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ ওই জামিনও ২৭ নভেম্বর পর্যন্ত স্থগিত করে, ওই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে।