নারায়ণগঞ্জের ৭ খুনের দুটি মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামির উপস্থিতিতে সোমবার চতুর্থ দিনের যুক্তিতর্ক চলছে।
সকাল ১০টায় জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়েছে।
এর আগে ৭ খুনের ঘটনায় র্যা বের সাবেক কর্মকর্তা মেজর আরিফ হোসেনসহ ১৮ আসামিপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয়।
আজ র্যা বের সাবেক কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী সুলতানুজ্জামান যুক্তিতর্ক করছেন।
সকাল সাড়ে ৯টায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যা বের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়। এর আগে গত সোমবার রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক শেষে আসামিদের রশিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেন।
উল্লেখ, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে র্যা বের ৮ সদস্যসহ ১২ জন পলাতক রয়েছে।