জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
মঙ্গলবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন এ আবেদন করেন।
গত ১ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া নিজেকে নির্দোষ দাবি করে এবং আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে।
ওইদিন খালেদা জিয়ার আইনজীবীরা সাক্ষীর আল্লাহর নামে শপথ নেয়ার বিষয়টি তুলে ধরে ছিলেন এবং এ বিষয়ে উচ্চ আদালতের বিভিন্ন তথ্য প্রমান উপস্থাপন করেছিলেন। তবে আদালত ওই আবেদন খারিজ করে দিয়েছিলেন। ওইদিন আদালতের এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবে বলে জানিয়েছিলেন।
আগামী ৮ ডিসেম্বর এই মামলায় খালেদা জিয়ার বক্তব্য উপস্থাপনের দিন ঠিক করা আছে।
প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনে অনিয়ম হয়েছে অভিযোগ এনে ২০১১ সালের ৮ আগস্ট মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তেজগাঁও থানায় করা এ মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।