আদালত

নিজাম হাজারীর সংসদ সদস্য পদ নিয়ে বিভক্ত আদেশ

নিজাম হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ
নিজাম হাজারীর সংসদ সদস্য পদ অবৈধ

ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পদে থাকার বৈধতা নিয়ে করা রিট আবেদনের ওপর বিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের ওপর আলাদাভাবে রায় দিয়েছে।

বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মো. এমদাদুল হক তার রায়ে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর পদে থাকা অবৈধ ঘোষণা করেন। আর এরসঙ্গে দ্বিমত পোষণ করে অপর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন।

আইনজীবীরা বলেন, এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে— তিনি একটি বেঞ্চ নির্ধারণ করে দেবেন সেই বেঞ্চেই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।

গত ২০ জুলাই হাইকোর্টে কারা কর্তৃপক্ষের প্রতিবেদন পেশ করে।

অস্ত্র মামলায় তার মোট ১০ বছরের সাজা হয়েছিল এরমধ্যে তিনি ৬২৫ দিন সাজা রেয়াত পান। এটা বাদ দেয়ার পরও তার ২ বছর ৬ মাস ১৬ দিন সাজা খাটা বাকি রয়েছে।

হাইকোর্টে কারা মহাপরিদর্শকের দেয়া এ-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য দেয়া হয়েছে।

১৯ জুলাই বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কারা মহাপরিদর্শকের প্রতিবেদনটি জমা দেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী।

এর আগে নিজাম হাজারীর সংসদ সদস্যপদ নিয়ে দেয়া রুল শুনানিতে গত ২৬ মে হাইকোর্টের এ বেঞ্চ এক আদেশে বলে, কারা কর্তৃপক্ষকে কয়েকটি বিষয় আদালতকে জানাতে হবে।

প্রথমত, অস্ত্র মামলায় নিজাম হাজারীর কারাদণ্ডের যে সাজা হয়েছিল, তাতে তিনি কোনো রেয়াত পেয়েছিলেন কি না।

দ্বিতীয়ত, সাজা রেয়াত করা হয়ে থাকলে ঠিক কত দিনের জন্য তা করা হয়েছিল।

তৃতীয়ত, সাজাভোগ ও রেয়াত করা সাজার একটি পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। সেই সঙ্গে সাজা রেয়াতের সিদ্ধান্ত-সংশ্লিষ্ট নথিপত্র এ হিসাবের সঙ্গে যুক্ত করতে হবে। কারা মহাপরিদর্শককে প্রতিবেদনের মাধ্যমে এসব তথ্য জানানোর নির্দেশ দেয়া হয়।

ওইদিন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের জমা দেয়া প্রতিবেদনটি আদালতে পড়ে শোনানো হয়। তাতে বলা হয়, আদালতের আদেশ পাওয়ার পর চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। ওই তদন্ত কমিটি নিজাম হাজারীর সাজা ও রেয়াতের হিসাব করে দেখেছে, নিজাম হাজারী সাজা রেয়াত পাওয়ার পরও পুরো সাজা খেটে মুক্তি লাভ করেননি।

প্রতিবেদনে বলা হয়, ১০ বছরের সাজার মধ্যে তিনি সাজা খেটেছেন ৫ বছর ৮ মাস ১৯ দিন। কারা কর্তৃপক্ষের কাছ থেকে সাজা রেয়াত পেয়েছেন।

একবছর ৮ মাস ২৫ (৬২৫ দিন)। রেয়াতসহ মোট সাজা ভোগ করেছেন ৭ বছর ৫ মাস ১৪ দিন। এখনো সাজা খাটা বাকি আছে ২ বছর ৬ মাস ১৬ দিন। তিনি জামিনে মুক্তি পান ২০০৬ সালের ১ জুন।

কারা মহাপরিদর্শকের এই প্রতিবেদনের ওপর লিখিত জবাব দেয়ার জন্য নিজাম হাজারীর আইনজীবী নুরুল ইসলাম সুজন আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন। আদালত এ বিষয়ে শুনানির জন্য ২৬ জুলাই পরবর্তী দিন নির্ধারণ করে।

আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সত্য রঞ্জন মণ্ডল ও রাশিদা চৌধুরী।

এ বিষয়টি দৈনিক প্রথম আলোতে প্রকাশ পায়। আদালতে আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী প্রথম আলোর পক্ষে ছিলেন।

‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়৷ এতে বলা হয়, ২০০০ সালের ১৬ আগস্ট অস্ত্র আইনের এক মামলায় নিজাম হাজারীর ১০ বছরের কারাদণ্ড হয়। তিনি ২ বছর ১০ মাস কম সাজা খেটে কারাগার থেকে মুক্তি পান।

ওই প্রতিবেদন যুক্ত করে নিজাম হাজারীর সংসদ সদস্যপদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন ভূঁইয়া।

ওই রিটে বলা হয়, সংবিধানের ৬৬(২) (ঘ) অনুচ্ছেদ অনুসারে, কোনো ব্যক্তি সংসদের সদস্য নির্বাচিত হওয়ার এবং সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না, যদি তিনি নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তার মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে। সে হিসেবে নিজাম হাজারী ২০১৫ সালের আগে সংসদ সদস্য হতে পারেন না। অথচ তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন।

রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট রুল দেন। এরপর হাইকোর্টের দুটি বেঞ্চ এই রুল শুনানিতে বিব্রতবোধ করেন। তারপর বিচারপতি মো. এমদাদুল হকের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটি শুনানির জন্য পাঠান প্রধান বিচারপতি। এই বেঞ্চে গত ১৯ জানুয়ারি রুল শুনানি শুরু হয়। সূত্র প্রথম আলো।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

আল আমিনের তালাক: সন্তান নিয়ে আদালতে স্ত্রী

অস্ত্র মামলা: জি কে শামীমসহ ৮ জনের যাবজ্জীবন

আবেদন করলে খালেদা জিয়ার আবারো মুক্তির মেয়াদ বাড়বে: আইনমন্ত্রী

রুবেল-বরকতের অর্থপাচার মামলা ফের তদন্তের নির্দেশ আদালতের

জাহালমকে পাঁচ লাখ টাকা দিলো ব্র্যাক ব্যাংক

৮৫ নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহালের আদেশ বাতিল

সরকারি কর্মচারীদের গ্রেপ্তারে পূর্বানুমতি বাতিলের রায় স্থগিত

ডেসটিনির চেয়ারম্যান হারুন-অর-রশিদের জামিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ