অর্থের বিনিময়ে ঢাকা ক্লাব, উত্তরা ক্লাবসহ দেশের পাঁচ জেলার ১৩টি ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলার ওপর হাইকোর্টের দেয়া রুল আট সপ্তাহের মধ্যে নিষ্পত্তির আদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এক আবেদনের পরিপ্রেক্ষিতে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছে।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঢাকা ক্লাব এ আবেদন করে।
১৩টি ক্লাব হলো ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানমন্ডি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, ঢাকা লেডিজ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়র ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব। আইন অনুসরণ না করে এসব ক্লাবে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন দুই আইনজীবী।
আদালতে ঢাকা ক্লাবের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল ও রুহুল কুদ্দুস। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ও রোদোয়ান আহমেদ রানজিব।
পরে রোদোয়ান আহমেদ রানজিব সাংবাদিকদের বলেন, আট সপ্তাহের মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে। এর শুনানি শেষ না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করা হয়েছে ফলে খেলা আপাতত চলবে।
আদালত এ-ও জানিয়েছে, কোনো ধরনের মুলতবি ছাড়াই শুনানি করতে হবে।
উল্লেখ, এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেয়ার পাশাপাশি ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস ও কার্ডের মতো অভ্যন্তরীণ খেলা আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই আদেশ স্থগিত চেয়ে ঢাকা ক্লাব কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ৬ ডিসেম্বর চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ এক দিনের জন্য স্থগিত করে ৮ ডিসেম্বর বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায় এরই ধারাবাহিকতায় আজকের আদেশ।