কোনো রাজনৈতিক দল বা প্রার্থীকে প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বুধবার নির্বাচন কমিশনের সচিব বরাবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাকাল থেকে দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্টের মনোগ্রাম হিসেবে ব্যবহার করা হয়। ফলে দাঁড়িপাল্লা অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাজনৈতিক সংগঠনের প্রতীক হিসেবে ব্যবহার করা অনাকাঙ্খিত ও অনভিপ্রেত।
আরো বলা হয়, এমতাবস্থায়, সুপ্রিম কোর্টের ফুটকোর্ট সভার সিদ্ধান্ত মোতাবেক কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বা কোনো নির্বাচনের প্রতীক হিসেবে ‘দাঁড়িপাল্লা’ বরাদ্দ প্রদান না করা এবং যদি বরাদ্দ প্রদান করা হয়ে থাকে তাহলে উক্ত বরাদ্দ বাতিল করার জন্য প্রায়োজনীয় ব্যবস্থাগ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।