বিনাবিচারে আলাদা আলাদা মামলায় কারাগারে থাকা সাত বন্দীকে আগামী ২৪ জানুয়ারি মধ্যে হাইকোর্টে কারা কর্তৃপক্ষকে হাজিরের নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দিয়েছে।
রুলে কেন তাদের জামিন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে—পাশাপাশি এসব মামলার নথি তলব করা হয়েছে।
তারা হলেন: সাত জনের মধ্যে দুজন ১২ বছর, তিন জন ১৩ বছর ও অপর দুজন ১১বছর ধরে কারাগারে আছে।
গত ৯ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিনা বিচারে সাত বন্দীর এক যুগের বেশি সময় আটক থাকা নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়।
ওই সংবাদটি আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বেহেশ্তী মারজান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. শহীদুল ইসলাম খান। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেয়।
আদালত সূত্রে জানা যায়, কাফরুল থানায় হওয়া এক অস্ত্র মামলায় ২০০৪ সালের ১১ ডিসেম্বর থেকে রাসেল শেখ কাশিমপুর কারাগারে রয়েছেন, নারী ও শিশু নির্যাতনের এক মামলায় ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে সাইদুর রহমান কারাগারে আছেন, ২০০৩ সালের ১৯ সেপ্টেম্বর খিলগাঁও থানায় হওয়া এক হত্যা মামলায় রাজীব হোসেন একই বছরের ৬ ডিসেম্বর থেকে কারাগারে আছেন, ২০০৪ সালে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে হওয়া মামলায় মোহাম্মদ পারভেজ ওই বছরের ২ জুলাই থেকে কারাগারে আছেন, শ্যামপুর থানায় হওয়া এক মামলায় ২০০৩ সালের ১ এপ্রিল থেকে মাসুদ নামের এক আসামি কারাগারে আছেন, গারো তরুণ লিটন চাম্বু গং উত্তরা থানায় করা এক হত্যা মামলায় ২০০৫ সালের ২৩ জানুয়ারি থেকে কারাগারে আছেন। রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা এক মামলায় ২০০৩ সালের ১১ ডিসেম্বর থেকে বাবু নামের এক আসামি কাশিমপুর কারাগারে আছেন।