সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলায় ৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত।
বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দিয়েছেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মাহফুজুর রহমান বলেন, খাদিজা হত্যাচেষ্টা মামলায় বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন ঢাকার স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউস সাত্তার। আদালতে তার চিকিৎসার বিবরণ দিয়েছেন তিনি।
গত ৫ ডিসেম্বর আলোচিত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ১৭ জনের সাক্ষ্য নেয়া হয়। পরে ১১ ডিসেম্বর খাদিজার বাবা মাসুক মিয়া ও মা মনোয়ারা বেগমসহ ১৫ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।
গত ৩ অক্টোবর নগরীর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। ঘটনার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাছলয়ের অর্থনীতি শেষ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমকে পুলিশে দেয় সাধারণ জনগণ।
এ ঘটনায় পরদিন হত্যাচেষ্টার অভিযোগে বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা আবদুল কুদ্দুস। পরে আদালতে হত্যাচেষ্টার দায় স্বীকার করে জবানবন্দি দেন বদরুল।
এরপর গত ৮ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দেন। সেখানে ৩৭ জনকে সাক্ষী করা হয়। পরে গত ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে বদরুলের বিচার শুরু হয়।