যশোরের চীনা নাগরিক চ্যাং হিং চং হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে তার দুই দোভাষী নাজমুল হাসান পারভেজ ও মুক্তাদির রহমান। চীনা ব্যবসায়ী হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের কঠোর শাস্তি দাবি করেছেন যশোরের ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাতে তারা যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেয়।
চীনা ব্যবসায়ী চ্যাং হিং চং যশোরে ইজিবাইকের যন্ত্রাংশ বিক্রি করতেন। এজন্য বাসা ভাড়া নিয়ে থাকতেন যশোর উপশহর মহিলা কলেজের পাশের ৩ তলা ভবন ফরিদা ভিলার নীচতলায়।
সেখানেই তিনি খুন হন বুধবার রাতে। বৃহস্পতিবার সকালে পুলিশ সেখান থেকে তার বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে। হত্যার অভিযোগে চ্যাং হিং চং এর দোভাষী হিসেবে কাজ করা নেত্রকোনা জেলা সদরের চকপাড়া এলাকার নাজমুল হাসান পারভেজ ও তার ভাইপো মুক্তাদির রহমানকে আটক করে পুলিশ।
বিকেলে তাদের আদালতে হাজির করা হলে দুই জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলে, অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই চ্যাং হিং চংকে তারা হত্যা করেছে।
এদিকে, চীনা দূতাবাসের কর্মকর্তারা হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত চ্যাং হিং চং এর মৃতদেহ দেশে পাঠাতে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তারা। এরইমধ্যে ময়মনাতদন্ত সম্পন্ন হয়েছে।
এ ঘটনার পর যশোরে থাকা বিদেশি নাগরিকদের নিরাপত্তা জোরদার করেছেন প্রশাসন।