রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার হাসনাতের জামিন আবেদন নকচ করে দেন।
সুপ্রিম কোর্টের এক আইনজীবী তার জামিন আবেদন করেন।
এ সময় আদালতকে আইনজীবী জানায়, এ মামলার এজাহারের আসামির নাম নেই—তাই তাকে জামিন দেয়া হোক।
শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গতবছর ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয় জন নিহত হয়।
ওই ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিমকে নজরদারিতে রাখা হয়েছিল। ২ আগস্ট সন্ধ্যায় গুলশান থেকে হাসনাত করিমকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ঘটনার মামলায় হাসনাতকে আসামি দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে গত ১৩ অগাস্ট তার পক্ষে জামিন আবেদন করা হলে তা নাকচ করে দেয় হাকিম আদালত।
এরপর গতবছর ২৪ আগস্ট ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান আবারো তার জামিন নাকচ করেন বলে জানান আইনজীবী মঈনুল। গত ৩০ অক্টোবর জামিন আবেদন নিয়ে দায়রা জজ আদালতে গেলে সেখানেও সাড়া পাননি হাসনাত করিম।