খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলার আপিল শুনানি মঙ্গলবার শুরু হয়েছে।
মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহম্মদ জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়।
এ মামলার দুই আসামি খুলনার মোটর ওয়ার্কশপ মালিক ওমর শরিফ ও তার সহযোগী মিন্টু খান।
খুলনার জজ আদালতের দেয়া মৃত্যুচদণ্ডের রায় বহাল থাকবে কি না- তা জানা যাবে এ শুনানি শেষে।
আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক সেলিম ও বিলকিস ফাতেমা।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী গোলাম মো. চৌধুরী আলাল।
ডেথ রেফারেন্স কথাটির অর্থ হলো মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের ফাঁসির রায় কার্যকরের আগে হাইকোর্টের অনুমতি নেয়া।
প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত এ মামলার পেপারবুক প্রস্তুত করার পর ২০১৫ সালের ১০ নভেম্বর হাইকোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেন।
প্রসঙ্গত: ২০১৫ সালের ৮ নভেম্বর ১২ বছর বয়সী রাকিবকে হত্যার দায়ে শরীফ ও মিন্টুর ফাঁসির রায় দেন খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা। এ মামলার অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেয় আদালত।
উল্লেখ ২০১৫ সালের ৩ আগস্ট খুলনা নগরীর টুটপাড়া কবরখানা মোড়ে শরীফের ওয়ার্কশপে মোটরসাইকেলে হাওয়া দেয়ার কমপ্রেসার মেশিনের মাধ্যমে মলদ্বারে হাওয়া ঢুকিয়ে রাকিবকে হত্যা করা হয়। ওই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়ে সারাদেশে মানুষ। পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা করেন।