মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে অন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যেতর ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নিয়ে ৭ মার্চ মামলার পরবর্তী দিন ঠিক করেছে।
এ তিন আসামি হলো: হেদায়েত উল্লাহ ওরফে মো. হেদায়েতুল্লাহ ওরফে আঞ্জু বিএসসি (৮০), এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু (৭০) ও সোহরাব ফকির ওরফে সোহরাব আলী ওরফে ছোরাপ আলী (৮৮)। তাদের মধ্যে আঞ্জু পলাতক।
তাদের বিরুদ্ধে অভিযোগ ওই তিন জনই মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির সদস্য ও রাজাকার বাহিনীর সঙ্গে জড়িত ছিল।
গত ৮ সেপ্টেম্বর এ তিন আসামির বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেয় তদন্ত সংস্থা। ২৮ নভেম্বর তা ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন।
তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার পাঁচ অভিযোগ আনা হয়েছে।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আটপাড়ার মধুয়াখারী, মোবারকপুর ও সুখারী গ্রাম এবং মদন থানার মদন গ্রামে সংঘটিত অপরাধের ভিত্তিতে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
তিন আসামির বাড়ি নেত্রকোণার আটপাড়া থানার কুলশ্রীতে। তবে আঞ্জু থাকতেন রাজশাহীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ মেথর পাড়ায়। ছোরাপ একই জেলার মদন থানার জাহাঙ্গীরপুরে থাকেন।