টাঙ্গাইল আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার সাংসদ আমানুর রহমান খান রানার জামিন কেন নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
বুধবার জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছে।
আদালতে সাংসদ আমানুর রহমানের পক্ষে জামিনের বিষয়ে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
উল্লেখ, ২০১৩ সালের ১৮ জানুয়ারি আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। তিন দিন পর তার স্ত্রী টাঙ্গাইল মডেল থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। এই মামলায় গত বছরের ৩ ফেব্রুয়ারি আমানুর ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এ মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ১৮ সেপ্টেম্বর টাঙ্গাইলের আদালতে আত্মসমর্পণ করেন আমানুর। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর আমানুর রহমানের জামিন আবেদন কার্যতালিকা থেকে বাদ দেয় হাইকোর্ট।
চলতি মাসে তাকে জেলা আওয়ামী লীগ কমিটি থেকে বাদ দেয়া হয়।