মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দূর্গাপুরের চার 'রাজাকারের' বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
সোমবার ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
চার রাজাকার হলো: দুই সহোদর মো. খলিলুর রহমান (৭২) ও আজিজুর রহমান (৬৫), আশোক আলী (৮২) এবং মো. শাহনেওয়াজ (৮৮)।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় দূর্গাপুর ও কমলাকান্দা থানার বিভিন্ন এলাকায় ২২ জনকে হত্যা, ২০ জনকে অপহরণ করে হত্যা, ধর্ষণ, ১৪-১৫টি বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ এনেছে ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আরো বলেন, আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, ও অগ্নিসংযোগ পাঁচ ধরনের অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে।
তিনি আরো বলেন, এ মামলায় আসামি ছিল পাঁচ জন গতবছর গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রমজান আলী নামে এক আসামির মৃত্যু হওয়ায় তাকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়েছে।
গত বছরের ১৩ এপ্রিল নিজ নিজ এলাকা থেকে আজিজুর রহমান (৬৫), আশোক আলী (৮২) এবং মো. শাহনেওয়াজকে গ্রেপ্তার করা হয়। খলিলুর রহমান পলাতক রয়েছে।
তারা সবাই একাত্তরে মুসলিম লীগের কর্মী ছিলেন।–বর্তমানে তারা জামাতে ইসলামীর সমর্থক।
তদন্তকারী কর্মকর্তা বদরুল আলম বলেন, তাদের বিরুদ্ধে ৫৪৬ পৃষ্ঠার প্রতিবেদন বিকেলে প্রসিকিউশন শাখায় জমা দেয়া হবে।