সিলেটে বহুল আলোচিত শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যায় মামলার মৃত্যুদণ্ডের অনুমোদন -ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শুরু হয়েছে।
সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে।
আদালতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে উপস্থাপন করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির। আসামিপক্ষে আছেন অ্যাডভোকেট নূর আহমেদ।
দেশের ইতিহাসে বিচারিক আদালতে স্বল্প সময়ে বিচার নিশ্চিত হওয়ার পর হাইকোর্টেও দ্রুত বিচারের উদ্যোগ নেয়া হয় শিশু রাজন হত্যা মামলার। এছাড়া এ মামলায় কামরুলসহ ৪ আসামিকে নিম্ন আদালতের দেয়া ফাঁসির রায় বহাল থাকবে কি-না তা জানা যাবে এ শুনানি শেষে।
প্রসঙ্গত ২০১৫ সালের নভেম্বরে প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে আলোচিত এ মামলার পেপারবুক প্রস্তুত করার পর তা হাইকোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাইকোর্টে আপিল করেছে।
উল্লেখ, ২০১৫ সালের ৮ জুলাই সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে, প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে গোটা দেশ।
মাত্র ১৭ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে একই বছরের ৮ নভেম্বর সিলেটের মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এ মামলায় রায় ঘোষণা করা হয়। এ মামলার প্রধান আসামি কামরুলসহ ৪ জনের ফাঁসি, একজনের যাবজ্জীবন, ৩ জনের সাত বছরের কারাদণ্ড, ২ জনের এক বছরের কারাদণ্ড এবং ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়।