জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীরা। আবেদন খারিজ করে পরবর্তী শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানির জন বৃহস্পতিবার আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন।
ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে পৌঁছান তিনি।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা হন বিএনপি চেয়ারপারসন।
এর আগে গত সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃ তদন্ত চেয়ে আবেদন করেছিলেন খালেদা জিয়ার আইনজীবীরা। এই আবেদন নিষ্পত্তির আবেদনও করেছিলেন তাঁরা। ওই দিন আদালত ওই আবেদনের ওপর আজ বিস্তারিত শুনানির দিন ধার্য করে। আজ আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার পর শুরুতে ওই আবেদন নিষ্পত্তির ওপর শুনানি চান তার আইনজীবীরা। তবে আদালত আগে আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষে আবেদন নিষ্পত্তির শুনানি হবে বলে জানান। ওই সময় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আবেদন করেন।
প্রসঙ্গত: ২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
উল্লেখ, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে অপর মামলাটি করে দুদক।