স্কুলছাত্রদের গড়া মানবসেতু দিয়ে হাঁটার ঘটনায় চাঁদপুর জেলার হাইমচরের উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিট আবেদনের ওপর শুনানি হতে পারে।
গত বৃহস্পতিবার চাঁদপুরের হাইমচরে 'মানবসেতু'র নামে শিক্ষার্থীদের শরীরের ওপর দিয়ে হাঁটার ঘটনায় উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বুধবার রাত পৌনে ১২টার দিকে শিশুদের প্রতি নিষ্ঠুর আচরণের অভিযোগে এনে এক শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ বাদী হয়ে হাইমচর থানায় মামলা করেন।
হাইমচর থানার ওসি সৈয়দ মাহবুবুর রহমান বলেন, মামলাটি আমলে নেয়া হয়েছে—বিষয়টি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ মামলার আসামিরা হলো: উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ূন পাটোয়ারী, স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মনসুর আহমেদ ও আবুল বাশার।
চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারওয়ার জাহান নেতৃত্বে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়।
গত ৩০ জানুয়ারি চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটওয়ারী শিক্ষার্থীদের সৃষ্ট মানবসেতুর ওপর দিয়ে হাঁটেন।
পরে এই জনপ্রতিনিধির শিক্ষার্থীদের পিঠের ওপর ওপর দিয়ে হাঁটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সমালোচনার ঝড় ওঠে।