সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে নতুন করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিচারের জন্যপ মামলার নথি ৬ নম্বর বিশেষ জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
আদালতে আগামী ২২ মার্চ এ মামলার সাক্ষ্যর গ্রহণের দিন ঠিক করেছে আদালত।
এদিন কারাগার থেকে সাইদুরকে আদালতে হাজির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে এবং সুবিচার চান।
এ আদালতে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলী তাপস পাল বলেন, মামলার অপর দুই আসামি আবদুল্লাহেল কাফী ওরফে আবদুল্লাহেল কাদরী এবং তার স্ত্রী আয়শা আক্তার এর আগে জামিন নিয়ে পালিয়ে রয়েছেন।
উল্লেখ, ২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে মাওলানা সাইদুরসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়।
পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্র হওয়ার পর ২০১১ সালের ১৬ জানুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারও শুরু হয়।
এ মামলায় আদালত রাষ্ট্রপক্ষে পাঁচ জনের সাক্ষ্যাগ্রহণ করেছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেয়ার বাধ্যইবাধকতা থাকলেও এ মামলায় তা না থাকায় বিচার মাঝপথে আটকে যায়। অনুমোদনের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরে নথিপত্র পাঠানো হয় মন্ত্রণালয়ে।
গতবছর ২৬ আগস্ট অনুমোদন পাওয়া গেলে নতুন করে গতি পায় এ মামলার কার্যকর্ম। এর ধারাবাহিকতায় আদালত গত ৪ জানুয়ারি পুলিশের দেয়া অভিযোগপত্র নতুন করে আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেয় আদালত।