মানকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ ৫ জনের নিহতের ঘটনার মামলায় বাস চালকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফাইজুল কবীর আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষের মোট ২৪ জন এবং আসামিপক্ষের ২ জন সাফাই সাক্ষীগ্রহণ সম্পন্ন করে আদালত।
প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-আরিচা মহাসড়কের জোকা এলাকায় দুর্ঘটনায় মিশুক মুনীর, তারেক মাসুদ, মাইক্রোবাস চালক মোস্তাফিজুর রহমান, প্রোডাকশন সহকারী মোতাহার হোসেন ওয়াসিম ও জামাল হোসেন নিহত হন।
এ সময় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, শিল্পী ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক জামির হোসেনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা।