সিলেটে অভিযুক্ত ছাত্রলীগ নেতা বদরুল আলমের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর মুখ থেকে ফেরা খাদিজা বেগম নার্গিস সাক্ষ্য দিয়েছেন আদালতে।
অতিরিক্ত পিপি মাহফুজুর রহমান বলেন, আগামী ১ মার্চ যুক্তিতর্কের জন্য দিন রাখা হয়েছে—এরপর রায় ঘোষণার তারিখ ঠিক করা হবে।
এ মামলায় ৩৬ জন সাক্ষীর মধ্যে খাদিজাসহ ৩৪ জনের সাক্ষ্যসম্পন্ন হয়েছে এর আগে ৩৩ জনের সাক্ষ্য নেয়া হয়।
রোববার সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আলোচিত এ হত্যা চেষ্টা মামলার বিচার চলছে।
সকাল পৌনে ১১টার দিকে খাদিজা আদালতে আসেন। আসামি বদরুলকে তার আগেই কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়।
খাদিজার সাক্ষ্যগ্রহণ ও জেরার মধ্যদিয়ে এ মামলার বাদীপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হলে কলেজ ক্যাম্পাসেই অভিযুক্ত বদরুলের চাপাতি হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। সেখানে চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা।
এদিকে, হামলাকারী বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।