রাজধানীর পল্টন থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।
সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিরা পলাতক থাকায় পল্টন থানার ৪০ (১) ১৫ নম্বর মামলায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তারা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, মীর সরাফত আলী সপু, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল প্রমুখ।
তিনি আরো বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এ মামলায় মোট আসামি ৪৭ জন। তারমধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।
জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রমুখ।