সিলেটের খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় আগামী ৮ মার্চ ঘোষণার দিন ঠিক করেছে আদালত।
রোববার দুপুরে মামলার যুক্তিতর্ক শেষে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ আদেশ দিয়েছেন।
আদালতে খাদিজা হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুলকে হাজির করা হয়। এসময় আদালতে এ মামলায় উভয় পক্ষেরই যুক্তি-তর্ক উপস্থাপন করা হয়।
এ মামলায় রাষ্ট্রপক্ষ বদরুলের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
এদিকে, বদরুলকে নেশাগ্রস্ত ও অতীত রেকর্ড বিবেচনায় বেকসুর খালাস প্রদানের দাবি করেন তার আইনজীবীরা।
গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হলে কলেজ ক্যাম্পাসেই অভিযুক্ত বদরুলের চাপাতি হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসা দেয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। সেখানে চিকিৎসা শেষে গত শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা।
এদিকে, হামলাকারী বদরুল বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে রয়েছে। হত্যাচেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। ৩৭ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।