কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামলায় ৮ জন নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে কুমিল্লা আদালতে অভিযোগপত্র জমা দেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তের পেট্রোল বোমা হামলায় আট বাসযাত্রী অগ্নিদগ্ধ হয়ে নিহত হন। আহত হন আরো ২০ জন। ওই ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ করে আরো ১৫-২০ জনকে আসামি করে মামলা হয়।
এছাড়া হুকুমের আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের ছয় নেতাকে। পরে তদন্তের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ ২২ জনকে অন্তর্ভুক্ত করা হয় মামলায়। আসামিদের ২ জন এরইমধ্যে মারা গেছেন।
ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না মেলায় অপর চারজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়নি বলেও জানিয়েছে পুলিশ।