গাইবান্ধার সাঁওতালপল্লীতে আগুন দিয়েছে পুলিশের এক উপপরিদর্শক ও এক কনস্টেবল— উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, গাইবান্ধার পুলিশের গোয়েন্দা শাখার এসআই মাহবুবুর রহমান ও গাইবান্ধা পুলিশ লাইনসের কনস্টেবল মো. সাজ্জাদ হোসেন সাঁওতালপল্লীতে আগুন দিয়েছেন।
পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবিরের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের কমিটির প্রতিবেদনে, ওই এসআই ও কনস্টেবলের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫৮ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
গত বছরের ৬ নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয় ও সাঁওতালপল্লিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন সাঁওতাল নিহত হন।