রংপুরের মিঠাপুকুরে আম্বিয়া খাতুন নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে শফিউদ্দিন নামে এক আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় খামার কুর্শা গ্রামের কফিল উদ্দিনের ছেলে আদালতে অনুপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, মিঠাপুকুরের খামার কুর্শা গ্রামের মৃত খমির উদ্দিনের ছেলে সোলায়মান মিয়ার সঙ্গে শফিউদ্দিনের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৫ সালের ১২ জুলাই সন্ধ্যায় সোলায়মানকে খুন করার উদ্দেশ্যে আসামি শফিউদ্দিন তার বাড়িতে যায়।
এ সময় সোলায়মানকে না পেয়ে তার ভাতিজি ও আমিন উদ্দিনের মেয়ে আম্বিয়াকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় শফিউদ্দিন। এতে ঘটনাস্থলেই মারা যায় আম্বিয়া।
এ ঘটনায় পরের দিন শফিউদ্দিনসহ আরো ৪ জনকে আসামি করে মিঠাপুকুর থানায় হত্যা মামলা দায়ের করেন সোলায়মান মিয়া। মামলার তদন্ত শেষে শফিউদ্দিনকে অভিযুক্ত করে ১৯৯৬ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।