ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলাটির বিচার বিলম্ব ছাড়াই ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছে ।
হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করা হয়েছে।
একই সঙ্গে এ মামলায় বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বাতিল করা হয়েছে।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী সঙ্গে ছিলেন আইনজীবী আবু হানিফ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত বছরের ২৪ নভেম্বর একরামুল হক হত্যা মামলায় মিনার চৌধুরীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। এ জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ২৮ নভেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।
উল্লেখ,২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি সড়কে বিলাসী সিনেমা হলের কাছে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা একরামুল হককে (৪৭) প্রকাশ্যে গুলি করার পর গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।