ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা ও পুলিশসহ ৩ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানসহ ৩ জনের রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। মঙ্গলবার রায় প্রদানকারী বিচারপতিদের স্বাক্ষরের পর এ রায়ের কপি প্রকাশ করা হয়।
সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিষ্ট্রার সাব্বির ফয়েজ বলেন, এ রায়ের কপি এখন কারাগার এবং সিলেটের বিচারিক আদালতে পাঠানো হবে।
এর আগে গত রোববার এ মামলায় মুফতি হান্নানসহ ৩ জনের রিভিউ আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। এর ফলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো আইনগত বাধা নেই। শুধু তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ মে সিলেটে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে যান ঢাকায় নিযুক্ত তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী। ফেরার পথে ফটকের কাছে গ্রেনেড হামলায় আনোয়ার চৌধুরীসহ বেশ কয়েকজন আহত হন আর নিহত হন পুলিশের দুই কর্মকর্তাসহ ৩ জন।
এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল জঙ্গি নেতা মুফতি হান্নান, জঙ্গি শরিফ শাহেদুল ও দেলোয়ারকে মৃত্যুদণ্ড এবং মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
গত বছরের ফেব্রুয়ারিতে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন। গত ৭ ডিসেম্বর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে মুফতি হান্নানসহ ৩ জঙ্গির আপিল শুনানি শেষে আপিল বিভাগ খারিজ করেন।