একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কিশোরগঞ্জের দুই রাজাকার মোসলেম প্রধান ও সৈয়দ মোহাম্মাদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ রায়ে প্রথমবারের মতো যুদ্ধকালীন ধর্ষণকে গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জে ২৬ জনকে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ, সাত জনকে অপহরণ ও নির্যাতনের ৬টি অভিযোগে আসামিদের মৃত্যুদণ্ড দেয়া হয়।
মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মোসলেম প্রধানকে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এরপর রায় ঘোষণা শুরু করে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল।
রায়ে মানবতাবিরোধী ৬টি অভিযোগের মধ্যে মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের নিকলিতে ফুল মিয়াসহ ২৬ জনকে হত্যা ও বাড়িতে অগ্নিসংযোগ এবং তোফাজ্জল খান জিতুসহ সাত জনকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় দুই রাজাকারকে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এছাড়া অন্য চারটি অপরাধে আমৃত্যু কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
গত ৭ মার্চ দুই পক্ষের যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আসামিদের বিপক্ষে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অপহরণ ও নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের ৬টি অভিযোগ এনে গত বছর ৭ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আসামিদের মধ্যে মোসলেম প্রধারকে গ্রেপ্তার করা হলেও মো. হোসেন পলাতক রয়েছেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: