নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক বলে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
রোববার রাষ্ট্রপক্ষের এক আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাই কোর্টের রায়ের কার্যকারিতা ১৮ মে পর্যন্ত স্থগিত করে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে গত বৃহস্পতিবার ওই রায় দেয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ।
এর আগে সকালে আপিল বিভাগের চেম্বার আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন। পরে ভ্রাম্যমাণ আদালত আইনের ধারা ও উপধারাসহ ১১টি বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল ঘোষণা করে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ বলে গত বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট।
তবে অনাকাঙ্খিত জটিলতা ও বিতর্ক এড়াতে অতীতে পরিচাচালিত ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সব আদেশ, সাজা ও দণ্ডাদেশ হাইকোর্টের রায়ে মার্জনা করা হয়েছে।