বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণ মামলার আসামি নাঈম আশরাফের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম এসএম মাসুদ জামান এ রিমান্ড মঞ্জুর করেন।
বিকেল পৌনে ৩টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইসমত আরা এমি আসামি নাঈম আশরাফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত এ সময় আসামির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গতকাল বুধবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া থেকে নাঈমকে গ্রেফতার করে পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা শাখা। এরপর রাত দেড়টার দিকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হয় তাকে।
গত ১১ মে এই মামলার পাঁচ আসামির মধ্যে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৫ মে রাজধানীর নবাবপুর ও গুলশান থেকে সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী ওরফে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়।