পলাতক আসামিদের হাজির না করায় সিলেটের ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার অভিযোগ গঠন করেনি আদালত।
সিলেটের মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে আজ অভিযোগ গঠন করার কথা ছিলো। কিন্তু মামলার তিন আসামি এখনো পলাতক থাকায় আদালত তাদের আগামী ২০ জুন আদালতে হাজির করার নির্দেশ দেন।
এর আগে গত ৮ মে ৬ জনকে আসামি করে দেয়া চার্জশিট আদালতে গৃহীত হয়। অভিযোগপত্রে আবুল হোসেন, ফয়সাল আহমদ, মামুনুর রশীদ, মান্নান ইয়াইয়া ওরফে মান্নান রাহী ওরফে এবি মান্নান ইয়াইয়া ওরফে ইবনে মঈন, বাবুল খায়ের রশীদ আহমদ ও সাফিউর রহমান ফারাবী ওরফে ফারাবী সাফিউর রহমানকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত ছয়জনের মধ্যে আবুল, ফয়সাল ও হারুন পলাতক।
২০১৫ সালের ১২ মে সকালে কর্মস্থলে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়ে সিলেট নগরীর সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে অনন্ত বিজয় দাশকে।